প্রায় তিন বছর হয়ে গেছে বিয়ের। অথচ এখনো নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ছবি কিংবা ভিডিও প্রকাশ্যে আনেননি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত পরিসরে। এবার এত দিন পর বিয়ের আয়োজনকে জনসমক্ষে না আনার কারণ জানিয়েছেন অভিনেত্রী।
তাপসী ও ম্যাথিয়াসের সম্পর্ক ও বিয়ে নিয়ে শুরু থেকেই ছিল গোপনীয়তা। ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে তখনও অনুষ্ঠান নিয়ে খুব বেশি তথ্য সামনে আনেননি তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও থেকে বিয়ের বিষয়টি জানা গেলেও তাপসী নিজে কখনো বিয়ের পূর্ণাঙ্গ ছবি বা ভিডিও প্রকাশ করেননি।
সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তাপসী জানান, বিয়ে তাঁর কাছে একান্তই ব্যক্তিগত একটি বিষয়। তাই সেটিকে জনসমক্ষে ঘোষণা করার প্রয়োজন মনে করেননি তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘কেন আমাকে প্রকাশ্যে বিয়ের ঘোষণা দিতে হবে? আমি সব সময় আমার ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রেখেছি। এর মানে এই নয় যে আমি সেগুলো লুকাতে চাই, ভয় পাই কিংবা বিব্রত বোধ করি; কিন্তু আমি কখনোই ব্যক্তিগত বিষয় নিয়ে ঘোষণা দেওয়ার পথে হাঁটিনি।’
বিয়ের মতো ব্যক্তিগত একটি মুহূর্তকে সংবাদ বিজ্ঞপ্তি কিংবা সাজানো ছবি-ভিডিওর মাধ্যমে প্রকাশ করার বিষয়টিও তাপসীর কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা ব্যক্তিগত বিষয়; আর আমি এটাকে ব্যক্তিগতই রাখতে চাই। সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা কিংবা ছবি ও ভিডিওর একটি ডেক সামনে রাখা, বিষয়টি আমার কাছে খুবই অদ্ভুত লাগে।’
তাপসীর এই সিদ্ধান্তের পেছনে তাঁর ব্যক্তিগত পছন্দের পাশাপাশি স্বামী ম্যাথিয়াসের প্রতি বিবেচনাও রয়েছে। ম্যাথিয়াস বোয়ে বিনোদনজগতের মানুষ নন। ডেনমার্কের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাঁর নিজস্ব পরিচয় রয়েছে। তাই নিজের তারকা পরিচয়ের কারণে স্বামী ও তাঁর পরিবারকে অযাচিত জনসাধারণের নজরদারির মধ্যে ফেলতে চান না তাপসী।
অভিনেত্রীর মতে, তাঁকে ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ থাকতেই পারে। তাঁর সিনেমা, অভিনয় কিংবা পেশাগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়াও স্বাভাবিক। তবে সেই আগ্রহ যেন স্বামী ও তাঁর পরিবারের ব্যক্তিগত জীবনে গিয়ে না পড়ে, সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাপসীর সম্পর্কও দীর্ঘদিনের। ব্যাডমিন্টনকে ঘিরেই তাঁদের পরিচয় হয়েছিল। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রায় এক দশক সম্পর্কে থাকার পর ২০২৪ সালে তাঁরা বিয়ে করেন। উদয়পুরে ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারকাসুলভ জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ব্যক্তিগত পরিসরেই বিয়েটি সম্পন্ন করেছিলেন তাঁরা।
তাই বিয়ের ছবি বা ভিডিও প্রকাশ না করার সিদ্ধান্ত তাপসীর জন্য নতুন কিছু নয়। বিয়ের পরও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা না করে নিজের অভিনয় ও কাজকেই সামনে রেখেছেন তিনি। তাপসীর মতে, একজন তারকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়া বাধ্যতামূলক নয়।