নিজের বাড়িতে স্ত্রী গৌরি খানের নিয়মই শেষ কথা। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে ওয়াইফাই, এমনকি বিছানায় বসে খাওয়ার বিষয়েও নিজের মত প্রকাশের সুযোগ নেই শাহরুখ খানের। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে কথোপকথনে এমন মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউডের এই সুপারস্টার।
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ও গৌরির সঙ্গে উপস্থিত ছিলেন করণ জোহর। প্রকল্পটির পেন্টহাউসের নকশা করেছেন গৌরি খান।
অনুষ্ঠানে করণ জানতে চান, নিজের বাড়িতে এমন কী আছে, যা শাহরুখ করতে পারেন না? উত্তরে অভিনেতা মজা করে বলেন, বাড়িতে ঢোকার পর তার কিংবা সন্তান আরিয়ান ও সুহানার কারও কোনো কথা চলে না। বাড়ির সবকিছুতেই গৌরির সিদ্ধান্ত চূড়ান্ত।
শাহরুখ জানান, বাড়ির ওয়াইফাই নিয়ে অভিযোগ করা যায় না। বিছানায় বসে খাওয়াও নিষেধ। বাড়ির রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও মন্তব্য করার সুযোগ নেই। সবাইকে চুপচাপ বসে বাড়ির প্রশংসা করতে হয়। বলতে হয়, ‘গৌরি, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’
দুবাইয়ের পেন্টহাউসেও একই নিয়ম মানতে হবে বলে জানান অভিনেতা। তবে বাড়ির বাইরে তিনি ও সন্তানরা নিজেদের মতো আনন্দ করতে পারেন। করণ যখন জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী, কাকে বেশি ভয় পান শাহরুখ, তখন নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ দিয়ে মজার জবাব দেন তিনি।
অনুষ্ঠানে ভক্তদেরও আনন্দ দিয়েছেন শাহরুখ। ‘কিং খান’ পরিচয়ে মঞ্চে আসার পর করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’র তালে নাচেন, জনপ্রিয় সংলাপ বলেন এবং নিজের পরিচিত দুই হাত প্রসারিত করার ভঙ্গিতে পোজ দেন।
এ ছাড়া আবাসন প্রকল্পের এক অংশীদারের সঙ্গে কথোপকথনের সময় মাইক্রোফোন এগিয়ে দিয়ে রসিকতা করেন, ‘আপ ঘর বানাতে রাহিয়ে, মাইক হাম দিতে রহেঙ্গে।’
দুবাই মেরিটাইম সিটিতে অবস্থিত ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ প্রকল্পটির পেন্টহাউসের নকশা করেছেন গৌরি। অন্যদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন সিনেমা ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।