সাবেক পর্নো তারকা থেকে বলিউড অভিনেত্রী। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সানি লিওনি অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। তবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ ছবিটিকে তিনি নিজের জীবনের অন্যতম বিশেষ কাজ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটির অভিজ্ঞতা এবং নিজের চরিত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
ছবিতে সানির উপস্থিতির সময়কাল কম হওয়া নিয়ে আলোচনা থাকলেও তিনি নিজে এ নিয়ে মোটেও বিচলিত নন। সানি বলেন, “স্ক্রিন টাইমের চেয়ে বড় কথা হলো চরিত্রটি কতটা প্রভাব ফেলতে পারল। ‘কেনেডি’ এমন একটি ছবি যেখানে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন, আমি হঠাৎ এসে হারিয়ে যাইনি।”
অনুরাগ কাশ্যপের মতো নির্মাতার কাছ থেকে ডাক পাওয়াটা সানির কাছে ছিল স্বপ্নের মতো। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, “অনুরাগ আমাকে ফোন করেছেন শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। ভেবেছিলাম ভুল করে ফোন করেছেন কি না! তিনি অডিশন নিতে না চাইলেও আমি নিজে থেকেই অডিশন দিতে চেয়েছিলাম।”
হিন্দি সংলাপ নিয়ে মজার অভিজ্ঞতার কথা জানিয়ে সানি বলেন, “আমি জেদ ধরেছিলাম চিত্রনাট্য ইংরেজিতে নয়, হিন্দিতেই পড়ব। সংলাপ মুখস্থ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। পরে জেনেছি, সে সময় অফিসের সবাই আমার সঙ্গে একটু মজাও করেছিলেন।”
ছবিতে নিজের চরিত্র ‘চার্লি’-কে বেশ চ্যালেঞ্জিং মনে করেন সানি। বিশেষ করে এই চরিত্রের একটি নির্দিষ্ট ধাঁচের হাসি আয়ত্ত করা ছিল তাঁর জন্য সবচেয়ে কঠিন। সানি জানান, “আমি বাস্তবে কখনো ওভাবে হাসিনি। চরিত্রের প্রস্তুতির জন্য আমি যেখানেই যেতাম, ওভাবেই হাসার চেষ্টা করতাম। আমার টিম তো ভেবেছিল আমি পাগল হয়ে গেছি!”
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর অবশেষে ভারতের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ‘কেনেডি’। গত ২০ ফেব্রুয়ারি একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। এতে সানি লিওনির বিপরীতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট। সানির বিশ্বাস, এই ছবিটি তাঁর অভিনয় জীবনের এক নতুন অধ্যায় সূচনা করবে।