নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দিয়েও সেটে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। তাঁর এমন আচরণে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি শুটিং ইউনিটকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি করেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গভীর রাতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা ও শুটিং ইউনিটের সদস্যরা।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নির্মাতা নির্ঝর অভিযোগ করেন, গত ২১ নভেম্বর ‘হাঙামা’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল পাভেলের। সে অনুযায়ী সেট প্রস্তুত করে প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিট অপেক্ষায় ছিলেন। অভিনেতাকে আনতে একটি গাড়িও দিনভর তাঁর বাসার নিচে রাখা হয়। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

নির্মাতার দাবি, এর আগেও ১৫ নভেম্বর একইভাবে শুটিংয়ে অনুপস্থিত ছিলেন পাভেল। সেদিনও অন্য অভিনয়শিল্পীদের নিয়ে পুরো দিন অপেক্ষা করেও তাঁকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

নির্ঝর জানান, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে ১২ নভেম্বর থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেন তাঁরা। ১৫ নভেম্বরের ঘটনার পর পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। প্রকল্পের কাজ এগিয়ে নিতে তাঁকে আবারও সুযোগ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ নভেম্বর শুটিংয়েও অংশ নেন অভিনেতা। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ নির্মাতার।

সব মিলিয়ে শুটিং সেট ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন নির্ঝর। বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশকেও অবহিত করেছেন। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নির্মাতা।

নাটকটির ভবিষ্যৎ নিয়েও হতাশা প্রকাশ করেছেন নির্ঝর। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া ধারাবাহিকটির কাজ শেষ করার আর কোনো উপায় নেই। জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না তিনি; গল্প কিংবা নির্মাণের মানের সঙ্গেও আপস করতে রাজি নন।

‘হাঙামা’ ধারাবাহিকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া, তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন, সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।