আর্থিক প্রতারণার মামলায় কারাগারে থাকলেও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রতি ভালোবাসায় কমতি নেই বলে দাবি করেছেন সুকেশ চন্দ্রশেখর। এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দী এই ব্যবসায়ী জ্যাকুলিনকে একটি বিলাসবহুল কালো হেলিকপ্টার উপহার দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন এক প্রেমপত্র।
কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন জ্যাকুলিনকে না দেখে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো হেলিকপ্টারের গায়ে নাকি জ্যাকুলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।
সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকুলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই বিশেষ অন্দরসজ্জার এই হেলিকপ্টারটি তিনি কিনেছেন। চিঠিতে তিনি আরও দাবি করেন, এটি তার ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কেনা, কোনো অপরাধের টাকায় নয়।
আইনি জটিলতার কারণে জ্যাকুলিনকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, সে জন্যও চিঠিতে ক্ষমা চান সুকেশ। তার ভাষায়, দূরত্ব থাকলেও তাদের প্রেমই নাকি সেতুর মতো কাজ করছে। নিজের কারণে জ্যাকুলিনকে এসব সহ্য করতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে সুকেশ আরও দাবি করেন, জ্যাকুলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।
এটি অবশ্য প্রথম ঘটনা নয়। গত বছরের ভালোবাসা দিবসেও জ্যাকুলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন সুকেশ। সেই জেটের নম্বর ছিল অভিনেত্রীর জন্মতারিখ অনুযায়ী এবং তাতেও ছিল তার নামের আদ্যক্ষর।
উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দী রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। অন্যদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করেছেন। তবুও সুকেশ নিয়মিত বিরতিতে জেল থেকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে চর্চায় থাকছেন।