বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এবং রূপালী পর্দার চিরন্তন ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলায় রমা দাশগুপ্ত হিসেবে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী পরবর্তীতে তাঁর অভিনয় শৈলী আর মায়াবী হাসিতে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। দেশভাগের পর কলকাতায় পাড়ি জমানো রমা থেকে সুচিত্রা হয়ে ওঠার গল্পটি যেমন রোমাঞ্চকর, তেমনি তাঁর রূপালী পর্দার সাফল্যগুলোও অনন্য।

১৯৫২ সালে ‘সাত নম্বর কয়েদী’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখলেও ১৯৫৩ সালে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ‘সপ্তপদী’, ‘হারানো সুর’ ও ‘সাগরিকা’র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়ে এই জুটি বাংলা সিনেমার স্বর্ণযুগ তৈরি করেন। শুধু টলিউড নয়, বলিউডেও ‘দেবদাস’ ও ‘আন্ধি’র মতো ধ্রুপদী সিনেমায় অভিনয় করে তিনি কুড়িয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। ১৯৭৮ সালে অবসরের আগ পর্যন্ত প্রায় ২৫ বছর পর্দার রাজত্ব করা এই মহানায়িকা ২০১৪ সালের ১৭ জানুয়ারি পরলোকগমন করেন, তবে তাঁর সৃষ্টি আজও অম্লান।