দীর্ঘ ৫ মাস পর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেশু ৭’ সিনেমায় প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে জুটি বাঁধা এবং সিনেমার প্রচারে তাদের ঘনিষ্ঠতা নিয়ে যখন টালিউডে নানা গুঞ্জন চলছিল, ঠিক তখনই পরিবারকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপের ছবি প্রকাশ করে সব জল্পনার ইতি টানলেন এই অভিনেত্রী।

সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে স্বামী রাজ ও দুই সন্তানকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’ দীর্ঘ পাঁচ মাস পর রাজের সঙ্গে তাঁর এই পারিবারিক ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে রসাত্মক আলোচনা। কেউ কেউ এটিকে ‘সান্ত্বনামূলক পোস্ট’ হিসেবে উল্লেখ করলেও অনেকের মতে, সিনেমার প্রচারণা শেষ হতেই এই পারিবারিক ছবি প্রকাশের মধ্য দিয়ে সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন এই তারকা দম্পতি।