টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘দেশু ৭’ নামের একটি বড় বাজেটের সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে। আর এই নতুন প্রজেক্ট ও পরিচালকের ভূমিকায় প্রাক্তনের আগমন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন শুভশ্রী।
সাক্ষাৎকারে দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে শুভশ্রী জানান, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। তাঁর মতে, পরিচালক দেবের মূল্যায়ন করতে হলে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি সত্যিই এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে দেবের মেধার প্রতি কম সম্মান দেখানো হবে। একজন সহকর্মী হিসেবে দেবের এই নতুন রূপ ও তাঁর পরিচালনার দারুণ প্রশংসা করেন এই অভিনেত্রী।
‘দেশু ৭’ সিনেমাটি টালিউডের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমায় দেবের নির্দেশনা ও শুভশ্রীর অভিনয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। নতুন এই কাস্টিং সমীকরণ নিয়ে ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মাঝে বেশ আগ্রহ ও কৌতুহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, এক সময় দেব ও শুভশ্রী টলিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তাঁরা। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এই দুই তারকা।
দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও প্রাক্তনের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে এক ফ্রেমে ফিরছেন শুভশ্রী। এছাড়া আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রেইলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে।