বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহেই একের পর এক রেকর্ড গড়ছে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। উত্তর আমেরিকার বাজারে দ্রুততম ৫০ কোটি ডলার আয় করা সিনেমা হয়ে এরই মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ড ভেঙেছে মার্ভেল-সনি প্রযোজিত এই সুপারহিরো সিনেমা। পাশাপাশি বিশ্বব্যাপী সিনেমাটির আয় ইতোমধ্যে ১২৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
উত্তর আমেরিকায় মুক্তির শুরুতেই দুর্দান্ত সাড়া পায় ‘ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটি প্রথম সপ্তাহান্তে ৩৬ কোটি ডলার আয় করে, যা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৩৫ কোটি ৫০ লাখ ডলারের আগের উদ্বোধনী রেকর্ডকে ছাড়িয়ে যায়। এর মধ্যে পেইড প্রিভিউ এবং প্রথম দিনের আয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে ছবিটি।
বিশ্বব্যাপী মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটির আয় ৯০ কোটি ডলারের বেশি হয়। এর ফলে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয় করা সিনেমায় পরিণত হয়েছে। মাত্র ছয় দিনেই ১০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে ‘ব্র্যান্ড নিউ ডে’। এই মাইলফলকে পৌঁছাতে সময়ের হিসাবে এটি এখন দ্বিতীয় দ্রুততম সিনেমা।
বৃহস্পতিবার পর্যন্ত উত্তর আমেরিকায় সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫০ কোটি ৮০ লাখ ডলারে। শুধু প্রথম বৃহস্পতিবারেই আয় করেছে ২ কোটি ৭০ লাখ ডলার, যা নতুন রেকর্ড। এর ফলে মুক্তির প্রথম সপ্তাহেই উত্তর আমেরিকায় ৫০ কোটি ডলারের বেশি আয় করা প্রথম সিনেমার কৃতিত্ব অর্জন করেছে ‘ব্র্যান্ড নিউ ডে’। আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে ৭৪ কোটি ডলারের বেশি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির আয় এখন ১২৫ কোটি ডলারের ওপরে।
মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকার শীর্ষ ৩০-এ জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস পূর্বাভাসও বেশ আশাব্যঞ্জক। বর্তমান প্রবণতা ধরে রাখতে পারলে চলতি সপ্তাহের শেষেই সিনেমাটি সর্বোচ্চ আয়কারী সিনেমার শীর্ষ ১০-এ ঢুকে যেতে পারে। এমনকি ছবিটির মোট আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকেরা।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অংশ ‘ব্র্যান্ড নিউ ডে’-তে পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যানের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে জেন্ডায়া এবং নেড চরিত্রে জ্যাকব ব্যাটালনও ফিরেছেন। গল্পে দেখা যায়, এমন এক বাস্তবতায় পিটার পার্কার একাকী জীবনযাপন করছেন, যেখানে কেউ তাকে আর মনে রাখে না। পুরোনো বন্ধুরা নিজেদের জীবন নিয়ে এগিয়ে গেলেও পিটারকে নতুন করে নানা বিপদের মুখোমুখি হতে হয়।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, মার্ক রাফালো ও জন বার্নথাল। কমিকের আবহ ধরে রাখা, মূল গল্পের সঙ্গে সামঞ্জস্য এবং এক্স-মেন, পানিশার ও হাল্কের মতো মার্ভেলের পরিচিত চরিত্র ও ফ্র্যাঞ্চাইজিকে গল্পের সঙ্গে যুক্ত করার কারণে সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।