বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’ এর নতুন সংস্করণে সঞ্চালক হিসেবে পর্দায় ফিরছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ খ্যাত সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখার পর এবার একেবারে ভিন্নধর্মী ফরম্যাটে তাকে দেখা যাবে।

আগামী ৬ মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই রিয়ালিটি শো’র আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটিতে সৌরভ গাঙ্গুলির উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। শোটি সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়।

তবে কবে থেকে এবং কোন সময়ে অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। একই সঙ্গে প্রতিযোগীদের তালিকা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের পাশাপাশি নতুন চমকও থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে অন্য একটি চ্যানেলে বাংলায় ‘বিগ বস’ এর একটি সংস্করণ প্রচারিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন আঙ্গিক ও উপস্থাপনায় আবারও ফিরছে এই জনপ্রিয় রিয়ালিটি শো। আর তার হাল ধরছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি এমন খবরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এদিকে ক্রিকেট তারকার জীবন নিয়েও তৈরি হচ্ছে বায়োপিক। সেখানে সৌরভের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বায়োপিকের কাজের অগ্রগতি এবং ‘বিগ বস বাংলা’ এর সঞ্চালনা সব মিলিয়ে আবারও বিনোদন জগতের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দাদা।