নতুন সিনেমা ‘মাইসা’তে একেবারেই ভিন্ন রূপে হাজির হচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি প্রকাশিত ছবিটির গান ‘ও মাইসা রে’-তে মুখে ত্রিশূল নিয়ে রক্তবর্ণা রূপে নাচতে দেখা গেছে তাঁকে। ব্যতিক্রমী এই উপস্থিতি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

গানটি শেয়ার করে স্ত্রী রাশমিকার কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা। আবেগঘন বার্তায় তিনি লেখেন, এই গানের জন্য রাশমিকা নিজেকে উজাড় করে দিয়েছেন, এমনকি চোটও পেয়েছেন। তাঁর বিশ্বাস, ‘মাইসা’ রাশমিকার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ছবি হয়ে থাকবে।

স্বামীর ভালোবাসাপূর্ণ বার্তার জবাবে রাশমিকা আদর করে বিজয়কে ‘বিজ্জু’ সম্বোধন করে জানান, ছবিটি নিয়ে তিনি ভীষণ উত্তেজিত, তবে একই সঙ্গে কিছুটা ভয়ও কাজ করছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘মাইসা’র শুটিংয়ে চোট পেয়েছিলেন রাশমিকা। কয়েক সপ্তাহ চিকিৎসা ও বিশ্রামের পর আবার কাজে ফেরেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল্লে। আদিবাসী এলাকার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাইসা’র।