টালিউডে এবার আসছে রহস্য ও তন্ত্রনির্ভর নতুন সিনেমা ‘ডাকিনী বিদ্যা’। প্রচলিত ধারণায় ডাকিনী বিদ্যার সঙ্গে মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয় জড়িয়ে রয়েছে। অনেকের বিশ্বাস, এই বিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি করা সম্ভব। তবে সৌনব নাগ পরিচালিত নতুন ছবিতে ডাকিনী বিদ্যা সম্পর্কে সেই প্রচলিত ধারণার বাইরের দিকটিও তুলে ধরা হবে। ছবির মূল বক্তব্য, ডাকিনী বিদ্যা মানেই যে ক্ষতিকর সাধনা, তা নয়।

‘ডাকিনী বিদ্যা’ সিনেমায় অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। তন্ত্রের ব্যবহার, এর প্রভাব এবং এর মাধ্যমে মানুষের জীবনে ভালো কিংবা খারাপ কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়েই এগোবে ছবির গল্প। পাশাপাশি, সিনেমার চরিত্রেরা কীভাবে এই বিদ্যার সঙ্গে জড়িয়ে পড়ে, সেই রহস্যও উন্মোচিত হবে কাহিনির পরতে পরতে।

ছবিতে উঠে আসবে ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনীকে ঘিরে নানা প্রশ্ন। তাদের সঙ্গে সংযোগ স্থাপনের বিদ্যা কেমন, কীভাবে তা অর্জন করা যায় এবং সেই বিদ্যা লাভের পর একজন সাধকের জীবনে কী পরিণতি নেমে আসে, সেসব বিষয়ও গল্পের অংশ হয়ে উঠবে। রহস্যের পাশাপাশি ছবিতে থাকবে প্রতিশোধের আখ্যান, যা দর্শকদের জন্য তৈরি করবে টানটান রোমাঞ্চ।

সিনেমার কিছু অংশের শুটিং হবে সুন্দরবনে। ফলে ছবিতে দেখা যাবে এই অঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। তবে সেই পরিচিত প্রকৃতিই গল্পের প্রয়োজনে কখনো হয়ে উঠবে ভয়ংকর ও রহস্যময়। ভৌতিক আবহ, তন্ত্রসাধনা ও প্রতিশোধের উত্তেজনার পাশাপাশি ছবিতে জায়গা করে নেবে প্রেমের গল্পও।

‘ডাকিনী বিদ্যা’ ছবিতে আরও অভিনয় করছেন অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায় ও অনির্বাণ সিকদার। একঝাঁক পরিচিত অভিনেতার উপস্থিতিতে রহস্য, প্রেম ও প্রতিশোধের মিশেলে ছবিটি টালিউডের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।