মাকে সময়মতো হাসপাতালে নিতে না পারার শোক থেকেই মানুষের জীবন বাঁচানোর উদ্যোগ নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের করিমূল হক। নিজের মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্স বানিয়ে জলপাইগুড়ির প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিতেন তিনি। এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পদ্মশ্রী। মানুষের কাছে তিনি পরিচিত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে। এবার তাঁর জীবনের গল্প নিয়ে বড় পর্দায় আসছেন টলিউড অভিনেতা দেব।

বিনয় মুদগিল পরিচালিত সিনেমাটির নাম ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। দেবের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজের প্রযোজনায় নির্মিত ছবিতে দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র।

চলতি বছরের শুরুতে নিজের নতুন সিনেমার তালিকায় ‘দেশু ৭’, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ও ‘টনিক ২’-এর কথা জানিয়েছিলেন দেব। প্রথমে স্বাধীনতা দিবসে মুক্তির পরিকল্পনা থাকলেও একই সময়ে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পাওয়ায় ছবিটির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

অবশেষে গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছেন দেব। পোস্টারে মোটরসাইকেলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যের পাশাপাশি এক মা ও শিশুকেও দেখা গেছে। ক্যাপশনে দেব লিখেছেন, ‘দুচাকায় ভর দিয়ে হাজারো প্রাণ বাঁচানোর এক অসাধারণ লড়াই।’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

তবে একই দিনে মুক্তির কথা রয়েছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এরও। ফলে বড়দিনে বক্স অফিসে দেব ও শাহরুখের সিনেমার মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা।