ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত তার বায়োপিকের প্রথম লুক। একই সঙ্গে নির্মাতারা ঘোষণা করেছেন সিনেমাটির মুক্তির তারিখও। ছবিতে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।

বুধবার প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই ঐতিহাসিক উদযাপনের মুহূর্তটি নতুনভাবে ফুটিয়ে তুলেছেন রাজকুমার রাও। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উদযাপনের সেই দৃশ্য ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে আজও সমান জনপ্রিয়। প্রথম লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ফার্স্ট লুক প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেন সৌরভ গাঙ্গুলি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে আছি।” তার এই সংক্ষিপ্ত বার্তাই ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল ও উচ্ছ্বাস তৈরি করেছে।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন প্রশংসিত নির্মাতা বিক্রমাদিত্য মোটওয়ানে।

ইতোমধ্যে মুম্বাই ও কলকাতায় সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, চলতি মাসের শেষ দিকে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণের জন্য পুরো ইউনিট লন্ডনে যাবে। সেখানে শুটিং শেষ করে আবার কলকাতায় ফিরবে টিম, যেখানে হবে পরবর্তী ধাপের কাজ।

সিনেমাটিতে সৌরভ গাঙ্গুলির পরিবারের সদস্যদের চরিত্রেও দেখা যাবে একাধিক জনপ্রিয় বাংলা অভিনয়শিল্পীকে। সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য এবং বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানিয়া মানিকতলা।

সৌরভ গাঙ্গুলির চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে দীর্ঘদিন ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার রাও। চরিত্রের শরীরী ভাষা, ব্যাটিং স্টাইল এবং মাঠের অভিব্যক্তি আয়ত্ত করতে তিনি নিয়মিত অনুশীলন করছেন। শুটিংয়ের ফাঁকেও তাকে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে অনুশীলন করতে দেখা গেছে।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে নির্মিত এই বায়োপিক ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রথম লুক প্রকাশের পর সেই প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়ে গেছে।