বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল আলোচনার বিষয়। তবে প্রায় সাত বছর ধরে তারা নিজেদের সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ হাজির হয়ে প্রেমের শুরুর দিনগুলোর কিছু মজার স্মৃতি শেয়ার করেন এই তারকা দম্পতি। সেখানেই তারা জানান, নিজেদের সম্পর্ক স্বীকার করার অনেক আগেই বিষয়টি বুঝে গিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

স্মৃতিচারণ করতে গিয়ে সোনাক্ষী বলেন, তাদের মধ্যে বিশেষ একটি সম্পর্ক গড়ে উঠেছে, সেটি চারপাশের মানুষের কাছেও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। তবে যখনই সালমান খান এ বিষয়ে জানতে চাইতেন, তারা দুজনই সম্পর্কের কথা অস্বীকার করতেন। একপর্যায়ে সালমান মজার ছলে বলেছিলেন, একদিন যদি তাদের বিচ্ছেদ হয়, তাহলে দুজনই তার কাছে এসে কাঁদবেন। কারণ তিনি দুজনকেই ভালোবাসেন এবং কারও পক্ষ নিতে চান না। সালমানের এমন মন্তব্য শুনে তারা দুজনই বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ তখনই বুঝতে পারেন যে তিনি তাদের সম্পর্কের বিষয়টি ধরে ফেলেছেন।

সোনাক্ষী আরও জানান, পরে একবার ট্রেকিংয়ে গিয়ে সালমান খান আলাদাভাবে জাহির ইকবালের সঙ্গে কথা বলেন। সেখানেও তিনি ইঙ্গিত দিয়ে জানান যে, তাদের সম্পর্কের বিষয়টি তার নজর এড়ায়নি। সেই ঘটনার পরই সোনাক্ষী ও জাহির নিশ্চিত হন, যতই সম্পর্ক গোপন রাখার চেষ্টা করা হোক না কেন, সালমান খান সবই বুঝে গিয়েছিলেন।

উল্লেখ্য, সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রথম পরিচয়ও হয়েছিল সালমান খানের আয়োজিত একটি অনুষ্ঠানে। পরবর্তীতে বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ সাত বছর প্রেমের সম্পর্ক গোপন রাখার পর ২০২৪ সালের জুন মাসে বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রাখেন এই তারকা জুটি। তাদের বিয়ে বলিউড অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং ভক্তদের কাছ থেকেও পেয়েছিল ব্যাপক শুভেচ্ছা।