প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহকে নিয়ে প্রকাশ্যে আবেগঘন মন্তব্য করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক সোহেল খান। একটি রিয়্যালিটি শো-তে সীমার উপস্থিতির পর তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। অনুষ্ঠানে সোহেলের মন্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন সীমাও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-তে ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে যোগ দেন সীমা সাজদেহ। তাকে হঠাৎ মঞ্চে দেখে কিছুটা বিস্মিত হলেও হাসিমুখেই প্রতিক্রিয়া জানান সোহেল খান।

অনুষ্ঠানের সঞ্চালক কুণাল খেমু যখন সীমাকে দেখে তার অনুভূতি জানতে চান, তখন সোহেল বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রাক্তন স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। এই সুন্দরী নারীর সঙ্গে আমি ২৪ বছর কাটিয়েছি। আর সবার সামনে আমি স্বীকার করতে চাই, আমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সব দায় আমি নিজের কাঁধে নিচ্ছি।’

সোহেলের এই অকপট স্বীকারোক্তি এবং সীমার প্রতি সম্মানজনক বক্তব্য উপস্থিত দর্শক ও প্রতিযোগীদের প্রশংসা কুড়ায়। বক্তব্য শোনার সময় আবেগ ধরে রাখতে পারেননি সীমা সাজদেহও। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা কুশল ট্যান্ডন সোহেলের মন্তব্যের প্রশংসা করে বলেন, ‘এটার জন্য একটা সিটি তো বাজাতেই পারি।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সোহেল খান ও সীমা সাজদেহ। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে সন্তান রয়েছে। তবে ২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

যদিও বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে, তবুও সন্তানদের লালন-পালন ও ভবিষ্যতের বিষয়ে দুজনের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। সন্তানদের যৌথভাবে বড় করছেন তারা এবং পারিবারিক দায়িত্ব পালনে একে অপরকে সহযোগিতা করে যাচ্ছেন।

সাম্প্রতিক এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেলের বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার পরিণত মনোভাব এবং সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শনের প্রশংসা করছেন।