রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত ‘সকারামা’ কনসার্ট। তবে শেষ মুহূর্তে এসে কনসার্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
সোমবার দুপুরে জনপ্রিয় ব্যান্ড চিরকুট তাদের সামাজিক মাধ্যম পেজে এক বার্তার মাধ্যমে কনসার্ট স্থগিতের খবরটি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়োজনটি আরও বড় পরিসরে এবং পূর্ণাঙ্গ রূপ দিতেই এই সাময়িক স্থগিতাদেশ। পর্যাপ্ত প্রস্তুতির অভাব, নিরাপত্তাজনিত কারণ এবং রাত ৮টার মধ্যে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনার কথা বিবেচনায় রেখে আয়োজকরা সমন্বিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। খুব শিগগিরই সকারামার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
ফুটবল ও সংগীতের দারুণ এই মেলবন্ধনে উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টাইন ফুটবল তারকা ক্লদিও ক্যানিজিয়ার। কনসার্ট স্থগিত হলেও ক্যানিজিয়ার বাংলাদেশ সফর নিয়ে কোনো পরিবর্তন আসছে না বলে নিশ্চিত করা হয়েছে।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের আয়োজনে এ কনসার্টে চিরকুট ছাড়াও মঞ্চ মাতানোর কথা ছিল আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচারের। ইতোমধ্যেই ‘টিকিফাই’-এর মাধ্যমে তিন ক্যাটাগরিতে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছিল।