অভিনয়ের সুবাদে নতুন চরিত্রের প্রস্তুতি নিতে গিয়ে অ্যাকশন ও মার্শাল আর্টের জগতে প্রবেশ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শোভিতা ধুলিপালা। আর সেই নতুন অভিজ্ঞতা এতটাই ভালো লেগেছে যে, এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি উপভোগ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাস্যরসের ছলে তিনি প্রশ্নও ছুড়ে দিয়েছেন ‘ছেলেরা একাই সব মজা নেবে কেন?’
প্রতিবেদনে জানানো হয়, পরিচালক পা রঞ্জিতের আসন্ন তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শোভিতা। এই সিনেমার খাতিরেই তাঁকে দীর্ঘ সময় শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছে এবং ভারতের ঐতিহ্যবাহী লড়াইয়ের বিভিন্ন কৌশলের সঙ্গে পরিচিত হতে হয়েছে। এনডিটিভির ‘ইউভা ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি জানান, সিনেমাটির জন্য তাঁকে আদি মুরাই ও মল্লখম্বের মতো প্রাচীন শারীরিক কৌশল চর্চা করতে হয়েছে। শাস্ত্রীয় নৃত্যে দীর্ঘদিনের প্রশিক্ষণ থাকলেও মার্শাল আর্টের কঠিন অনুশীলনে যে ধরনের মানসিক চাপমুক্তি মেলে, তা তাঁকে ভীষণভাবে আকৃষ্ট করেছে।
উল্লেখ্য, অ্যাকশন ও সায়েন্স-ফিকশনের মিশ্রণে নির্মিত ‘ভেট্টুভাম’ সিনেমাটিতে শোভিতার পাশাপাশি অভিনয় করেছেন আরিয়া ও ভিআর দিনেশ। জি ভি প্রকাশ কুমারের সংগীত পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি তিনটি ভিন্ন সময়পর্বের গল্প নিয়ে সাজানো হয়েছে। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রথম ঘোষণা পাওয়া বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।