বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া এই কিংবদন্তি ২০১২ সালের ১৯ জুলাই মারা যান। তবে তার লেখা গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র এখনো সমানভাবে আকৃষ্ট করে পাঠক-দর্শকদের।
সহজ ভাষায় মানুষের জটিল অনুভূতি তুলে ধরার অসাধারণ দক্ষতা ছিল হুমায়ূন আহমেদের লেখার অন্যতম বৈশিষ্ট্য। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, ভালোবাসা, সম্পর্ক, বিষণ্নতা ও হাস্যরস তার গল্পে উঠে এসেছে স্বতন্ত্র বর্ণনাভঙ্গিতে। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাকে সাহিত্যাঙ্গনে পরিচিতি এনে দেয়। পরবর্তী সময়ে দুই শতাধিক গ্রন্থ রচনা করেন তিনি। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কবি’, ‘লীলাবতী’ ও ‘দেয়াল’ তার উল্লেখযোগ্য বই।
টেলিভিশন নাটকেও অসামান্য জনপ্রিয়তা পান এই লেখক। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি হয়ে উঠেছিল দর্শকের আবেগের অংশ। তার সৃষ্ট হিমু ও মিসির আলী চরিত্রও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।
চলচ্চিত্র নির্মাতা হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন হুমায়ূন আহমেদ। ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ নির্মাণের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’সহ মোট আটটি চলচ্চিত্র পরিচালনা করেন। ‘আগুনের পরশমণি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আটটি বিভাগে স্বীকৃতি পায়।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে পুরোপুরি মনোযোগী হন।
ব্যক্তিজীবনে ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। তাদের চার সন্তান নোভা, শীলা, বিপাশা ও নুহাশ। পরে ২০০৫ সালে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের দুই ছেলে নিষাদ ও নিনিত।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর ১৪ বছর পরও বইমেলায় তার বইয়ের প্রতি পাঠকের আগ্রহ, টেলিভিশনে নাটকের পুনঃপ্রচার এবং চলচ্চিত্রের গান ও সংলাপে তার উপস্থিতি প্রমাণ করে, সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন।