ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করেছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। বুধবার (১১ নভেম্বর) গ্রিসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর স্ত্রীর সঙ্গে প্রথম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অনিরুদ্ধ।
ছবিতে নবদম্পতিকে আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। অনিরুদ্ধের পোশাকে ছিল সূক্ষ্ম নকশার কাজ, আর কাব্য পরেছিলেন একই রঙের লেহেঙ্গা। ফুল দিয়ে সাজানো মঞ্চে তাদের ঘিরে ঝরছিল ফুলের পাপড়ি।
ছবির ক্যাপশনে অনিরুদ্ধ লেখেন, ‘জীবনে একবারই, তবে আজীবনের জন্য।’ সঙ্গে বিয়ের তারিখ উল্লেখ করেন ‘১১.১১’। ছবিটি প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। অভিনেত্রী পূজা হেগড়েও তাদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে ১০ নভেম্বর গ্রিসে তামিল রীতিতে বাগদান সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনিরুদ্ধের চাচা অভিনেতা রজনীকান্ত, তার মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও উদয়নিধি স্টালিন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, গ্রিসে বিয়ের আয়োজন শেষে আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে দুই পরিবার। এতে চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট অঙ্গনের পরিচিত ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।