ফুটবলের মাঠের বাইরে এবার বিনোদনজগতে নতুন যাত্রা শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন পর্তুগিজ তারকা।

ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছেন রোনালদো। এ জন্য তাঁরা প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’। ১০ পর্বের এই ফুটবলভিত্তিক ড্রামায় নিজের চরিত্রেই অভিনয় করবেন ৪১ বছর বয়সী এই তারকা। আরও থাকছেন ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি, ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইস ও ব্রিটিশ র‍্যাপার ডেভ। নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন রোনালদো।

ইনস্টাগ্রামে নির্মাণকাজ শুরুর খবর জানিয়ে রোনালদো লিখেছেন, তাঁর প্রথম টিভি শোর কাজ শুরু হয়েছে এবং সামনে আরও চমক আসছে। পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোয়ার তথ্য অনুযায়ী, সিরিজটি নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, সিরিজের গল্প এক প্রতিভাবান ফুটবলারের জীবন ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করা সেই খেলোয়াড় খ্যাতি ও সাফল্য পাওয়ার পরও পুরোনো বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকে। জীবনের কঠিন সময়ে যারা তাঁর পাশে ছিল, তাদের সঙ্গে সম্পর্কই গল্পের অন্যতম বিষয়।

সিরিজটির মূল ভাবনা প্রযোজক ড্যারেন ডেইনের। প্রথম পর্ব পরিচালনা করবেন ম্যাথু ভন। প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন ‘বোরাত’খ্যাত বাফটাজয়ী নির্মাতা ড্যান মেজার।

নতুন এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। তাঁর মতে, ফুটবলের মাঠের বাইরেও অসাধারণ অনেক গল্প রয়েছে, যা পর্দায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে ম্যাথু ভনও রোনালদোকে বন্ধু ও অংশীদার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তাঁর বিশ্বাস, ফুটবলে রেকর্ড গড়া এই তারকা বিনোদনজগতেও সফল হবেন।