আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সিমরিন লুবাবার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি পোস্ট করে লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” তাঁর এই পোস্টের পরেই নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে কি নিভৃতে বিয়ে সেরে ফেললেন লুবাবা?
প্রকাশিত ছবিতে লুবাবার সঙ্গে একজনকে দেখা গেলেও সেখানে কারও চেহারাই স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও লুবাবা সরাসরি কিছু জানাননি। তবে নেটিজেনদের একাংশ দাবি করছেন, পাত্র কোনো বিদেশপ্রবাসী বা আলেম হতে পারেন। যদিও লুবাবার পরিবার বা ঘনিষ্ঠ কোনো সূত্র এখন পর্যন্ত বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেনি। লুবাবার মা জাহিদা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রয়াত প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে শৈশবেই মিডিয়ায় পরিচিতি পান লুবাবা। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে যুক্ত ছিলেন তিনি। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা। সে সময় তাঁর মা জানিয়েছিলেন, লুবাবা ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন এবং পর্দার আড়ালে থেকে জীবনধারায় পরিবর্তন আনতে চান। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এই ‘দ্বীন শেখার সঙ্গী’র বিষয়টি তাঁর বিয়ের ইঙ্গিত কি না, তা নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল এখন তুঙ্গে।