বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান? এমন প্রশ্নই এখন ঘুরছে বলিপাড়ায়। আর এই জল্পনার সূত্রপাত হয়েছে সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে।
‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এ নতুন সিনেমা ‘দ্য ভাভান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। সেখানেই সিদ্ধার্থের বিয়ে ও বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।
সিদ্ধার্থের কাছে বিয়ের পর জীবন কেমন কাটছে এবং বাবা হওয়ার অনুভূতি কেমন, তা জানতে চান সালমান। জবাবে সিদ্ধার্থ জানান, সবকিছুই বেশ ভালো চলছে।
এরপর সিদ্ধার্থের বিয়ের প্রসঙ্গ তুলে মজা করেন সালমান। একসময় তিনি নাকি সিদ্ধার্থকে বারবার বিয়ে করার পরামর্শ দিতেন। সেই প্রসঙ্গ টেনে অভিনেতাকে ‘লাজুক বর’ বলেও মজা করেন সালমান।
জবাবে সিদ্ধার্থ জানান, তিনি ও কিয়ারা দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন। সঠিক সময়েই সেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তারা। তখনই রসিকতা করে সালমান বলেন, “সেই গোপন কথাই এখন সন্তানের মধ্যে।”
২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের বাবা-মা হন সিদ্ধার্থ ও কিয়ারা। মেয়ের নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধার্থ বলেন, এটি তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি।
মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাদের সন্তান খুবই আদরের। সে নতুন নতুন কথা বলছে এবং প্রতিনিয়ত অনেক কিছু শিখছে। মেয়েকে ঘিরে এই সময়টাকে তিনি জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
এরপরই সিদ্ধার্থকে উদ্দেশ করে সালমান বলেন, “আশা করি খুব শিগগিরই আরও একটি সন্তান হবে।” সালমানের এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে আলোচনা শুরু হয়।
তবে সালমানের এই মন্তব্যকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা যাচ্ছে না। সিদ্ধার্থ বা কিয়ারার পক্ষ থেকেও এখন পর্যন্ত দ্বিতীয় সন্তান আসার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে আপাতত বিষয়টি জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।