বক্স অফিসে ‘স্ত্রী ২’-এর দারুণ সাফল্যের পর একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সঙ্গে ছিল আকর্ষণীয় পারিশ্রমিকের প্রস্তাবও। তবে অর্থ কিংবা কাজের সুযোগের চেয়ে নিজের পছন্দের গল্পকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তাই ভালো গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ক্যারিয়ারের এই অভিজ্ঞতার কথা জানান শ্রদ্ধা। তরুণীদের ক্যারিয়ার গড়ার পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, ‘স্ত্রী ২’-এর পর অনেক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। পারিশ্রমিকও ছিল ভালো। কিন্তু নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, নিজের মনের কথা শুনে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেই সময়টা সহজ ছিল না, তবে এখন নিজের সিদ্ধান্ত নিয়ে গর্বিত তিনি। শ্রদ্ধার পরামর্শ, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। পথ কঠিন হলেও ধৈর্য ধরে অপেক্ষা করলে তা শেষ পর্যন্ত সার্থক হতে পারে।