টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নানা গুঞ্জন ও আলোচনা থাকলেও স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে বরাবরই সরব রাজ। এবার শুভশ্রীর জন্মদিনে লাল গোলাপের তোড়া ও ভালোবাসাভরা শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এলেন তিনি।
আজ ৩ নভেম্বর শুভশ্রীর জন্মদিন। ৩৬ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর একটি সুন্দর ভিডিও প্রকাশ করেন রাজ। অ্যাশ কিংয়ের গানের সঙ্গে সাজানো ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ স্বামীর এমন শুভেচ্ছায় মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
জন্মদিনে চেক প্রিন্টের স্টাইলিশ পোশাক, বড় দুল ও খোলা চুলে নজর কাড়েন শুভশ্রী। হাতে লাল গোলাপের তোড়া নিয়ে হাসিমুখে ধরা দেন তিনি। এদিকে স্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ পার্টিরও আয়োজন করেন রাজ। বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দে কাটে রাতটি।
সম্প্রতি দেবের সঙ্গে ‘দেশু ৭’-এর প্রচার ঘিরে শুভশ্রীর অতীত সম্পর্ক নিয়ে আলোচনা এবং রাজ-শুভশ্রীর দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে জন্মদিনে রাজের প্রকাশ্য ভালোবাসার বার্তা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, রাজের জন্ম ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি, আর শুভশ্রীর জন্ম ১৯৯০ সালের ৩ নভেম্বর। সে হিসাবে দুজনের বয়সের ব্যবধান ১৫ বছর ৮ মাস, অর্থাৎ প্রায় ১৬ বছর। ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীকে নিয়ে সুখের সংসার এই দম্পতির।