সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেন জিম। পারিবারিক চাপ আছে কি না জানতে চাইলে তিনি জানান, পরিবার থেকেও তাঁকে কোনো তাড়া দেওয়া হচ্ছে না। তাঁর ভাষায়, ‘জোর করে বিয়ে দিয়ে দিলেও যদি আমি মানসিকভাবে প্রস্তুত না থাকি, তবে সেই সংসার টিকবে না।’ তাই নিজের প্রস্তুতি ও ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিতে চান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জিম শৈশবে নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। পরে অভিনয়ে যুক্ত হয়ে নজর কাড়েন ‘দেবী’ চলচ্চিত্রে জয়া আহসানের শৈশবের চরিত্রে অভিনয় করে। বর্তমানে নাটক ও ওভিসিতে নিয়মিত কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তাঁর পরিচিতি।
আরশ খানসহ সমসাময়িক অভিনেতাদের সঙ্গে ‘একই ছাদের নিচে’, ‘বিষপাখি’, ‘পেট্রোল’ ও ‘রাজনের গল্প’র মতো নাটকে অভিনয় করেছেন জিম। সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কাভারেও জায়গা পেয়েছেন তিনি। ভবিষ্যতে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও নিয়মিত কাজ করার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর।