বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক এক পর্বে অন্যরকমভাবে দর্শকদের সামনে হাজির হতে দেখা গেছে বর্ষীয়ান এই অভিনেতাকে। সাধারণত অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। তবে এবার সেই চেনা ধারা বদলে সঞ্চালকের চেয়ারে বসেই পর্বের সূচনা করেন ৮৩ বছর বয়সী অমিতাভ।

মঞ্চে আসার পর দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন বিগ বি। তাকে এভাবে বসে অনুষ্ঠান শুরু করতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। পরে বিষয়টি নিজেই স্পষ্ট করেন অমিতাভ।

দর্শকদের আশ্বস্ত করে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি জানান, আগের দিন একটি শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান। এতে তার বাঁ হাঁটুতে চোট লাগে। সেই কারণে দীর্ঘ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় বসে থেকেই পর্বের মনোলগ শুরু করতে হয়েছে তাকে।

তবে চোট নিয়ে ভক্তদের অযথা চিন্তা না করার পরামর্শ দিয়েছেন অমিতাভ। তিনি জানান, আঘাত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং চোট খুব বেশি গুরুতর নয়।

প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য যথারীতি দাঁড়িয়েই তাদের বরণ করে নেন বিগ বি। চোটের মধ্যেও তার এমন পেশাদারত্ব দেখে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

৮৩ বছর বয়সেও নিয়মিত কাজ করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র ও অন্যান্য কাজেও সক্রিয় রয়েছেন বলিউডের এই কিংবদন্তি অভিনেতা। সাম্প্রতিক ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও অনুষ্ঠানেই নিজের বক্তব্যের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন।