বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’র মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ প্রকাশ্যে এসেছে। ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল বলে দাবি। তবে সেই দলিলকে চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন। তাঁর অভিযোগ, অজান্তে ও সম্মতি ছাড়াই সম্পত্তির মালিকানা পরিবর্তন করা হয়েছিল।

বিষয়টি এখন আন্ধেরির কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে। গত সাত মাসে সম্পত্তি নিবন্ধন কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ জানিয়েছেন রমোলা। তাঁর দাবি, প্রথমে ‘জলসা’ তাঁর নামে নথিভুক্ত ছিল। পরে ১৯৯৩ সালের একটি দানপত্রের মাধ্যমে সেটি জয়ার নামে হস্তান্তর করা হয়।

তবে নথিতে রয়েছে ভিন্ন তথ্য। ‘কাপোল হাউজিং সোসাইটি’র কাগজে জয়া বচ্চনকে ‘জলসা’র মালিক হিসেবে উল্লেখ করা হলেও মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনও রমোলার নাম রয়েছে বলে জানা গেছে। সরকারি নথিতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার পরই বিষয়টি নতুন করে সামনে আসে।

১৯৯৩ সালের দানপত্রের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা। তাঁর অভিযোগ, স্ট্যাম্প ডিউটি ছাড়াই সাদা কাগজে দলিলটি তৈরি করা হয়েছিল এবং সেখানে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না। মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় পরবর্তী সময়ে দলিলটি কীভাবে নিবন্ধিত ও বৈধ করা হয়েছিল, তা নিয়েও জানতে চেয়েছেন তিনি।

ডেপুটি রেজিস্ট্রার ফৈয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুনানি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য জমা দিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে অমিতাভ বা জয়া কেউই মন্তব্য করেননি। অভিষেক বচ্চনের মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিবাদ বলে উল্লেখ করে মন্তব্য করতে চাননি। এখনো সম্পত্তির মালিকানা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, বিতর্কের মধ্যেও গত ৮ নভেম্বর ‘জলসা’র বাইরে নিয়মিত ‘সানডে দর্শন’-এ অংশ নেন অমিতাভ। ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। আগের সপ্তাহে বুলেটপ্রুফ কাচের আড়ালে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেও এবার সেই কাচ ছাড়াই সামনে আসেন অভিনেতা। সম্প্রতি টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর অমিতাভের নিরাপত্তা বাড়ানো হয়েছিল।