বলিউড অভিনেত্রী শেফালি শাহ সম্প্রতি বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজে প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন।

এক সাক্ষাৎকারে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, কম বয়সে তাড়াহুড়া করে বিয়ে না করে সঠিক সময় ও সঠিক মানুষ বেছে নেওয়া জরুরি। তার মতে, বিয়ে কোনো সহজ সিদ্ধান্ত নয়; এর জন্য মানসিক প্রস্তুতি, পরিপক্কতা এবং পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সাক্ষাৎকারটি তিনি ইউটিউবার ও উপস্থাপক লিলি সিং এর সঙ্গে আলাপচারিতায় দেন। সেখানে তিনি উল্লেখ করেন, সমাজে নারীদের ওপর বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে অনেক সময় অদৃশ্য চাপ তৈরি করা হয়, যা ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

এই প্রসঙ্গেই তিনি বলেন, তিনি জানেন তার মন্তব্য নিয়ে সমালোচনা বা ট্রোল হতে পারে, তবুও তিনি নিজের মত প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, কারও কারও জীবনে সন্তান নেওয়ার পরিবর্তে পোষা প্রাণী, বিশেষ করে কুকুর, মানসিক সঙ্গ ও নিঃশর্ত ভালোবাসার উৎস হতে পারে এমন দৃষ্টিভঙ্গিও তিনি তুলে ধরেন।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে শেফালি শাহ জানান, তার পোষা কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’ তার পরিবারের অংশ এবং তিনি তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসেন।

অভিনেত্রীর জীবনে আগে অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিয়ে হয়েছিল, তবে চার বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে তিনি বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হয়েছে।