স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ সাম্রাজ্ঞী শাকিরা। ২০১১ সালের একটি কর মামলায় তাঁর ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো জরিমানা অবৈধ ঘোষণা করে তা সুদাসল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের জাতীয় উচ্চ আদালত।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে করদাতা বা 'কর বাসিন্দা' (Tax Resident) হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় ১৮৩ দিন সেখানে অবস্থান করেননি। কর কর্তৃপক্ষ এর পক্ষে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। আদালতের হিসাব অনুযায়ী, ওই বছর তিনি স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন যা নির্ধারিত সীমার চেয়ে ২০ দিন কম।

শাকিরার আইনজীবীরা আদালতকে জানান, ২০১১ সালে এই গায়িকা তাঁর বিশ্ব সফরে (World Tour) ব্যস্ত ছিলেন। ওই সময়ে তিনি ৩৭টি দেশে মোট ১২০টি কনসার্টে অংশ নেন, যার ফলে বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকা তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না।

রায়ের পর স্বস্তি প্রকাশ করে শাকিরা বলেন:

"দীর্ঘ আট বছর ধরে আমাকে জনরোষ, অপপ্রচার ও মানসিক চাপ সহ্য করতে হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে অবশেষে সত্য স্পষ্ট হয়েছে।"

আদালত জরিমানার অর্থের সঙ্গে সুদসহ শাকিরাকে ফেরত দেওয়ার নির্দেশ দিলেও স্পেনের কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবে। আর চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। উল্লেখ্য, এই পপ তারকার মূল বাড়ি বাহামায়।

সাবেক বার্সেলোনা ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে ২০১০ সাল থেকে সম্পর্কের কারণে শাকিরা দীর্ঘ সময় স্পেনে বসবাস করেছেন। ২০২২ সালে তাঁদের ১২ বছরের সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সন্তানদের ভবিষ্যৎ ও ক্যারিয়ারের কথা চিন্তা করে ২০১২-১৪ সালের কর ফাঁকির অন্য একটি মামলায় সমঝোতা চুক্তির আওতায় ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে কারাদণ্ড এড়িয়েছিলেন শাকিরা। তবে ২০১১ সালের এই বড় জয়ে তাঁর ওপর থেকে আইনি ও মানসিক চাপের একটি বড় বোঝা নেমে গেল।