দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন রূপে পর্দায় ফিরতে যাচ্ছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। প্রায় এক দশক আগে সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও নানা জটিলতায় এর নির্মাণকাজ থেমে যায়। এবার সেই স্থবিরতা কাটিয়ে নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর একসময় দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে মাঝপথেই থেমে যায় কাজ। দীর্ঘ বিরতির পর এবার বর্তমান সময় ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সিনেমাটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির মূল গল্পে কিছু পরিবর্তন ও নতুন উপাদান যুক্ত করা হবে। পাশাপাশি অভিনয়শিল্পীদের তালিকাতেও কিছুটা পরিবর্তন আসতে পারে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান তিন পক্ষই নতুন পরিকল্পনায় সিনেমাটি এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন বলে জানা গেছে।
‘অপারেশন অগ্নিপথ’-এর পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকছেন শাকিব খান। আগামী বছর থেকে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদের পর সুবিধাজনক কোনো সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।
ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ কৌশল ও নতুন আঙ্গিকে শাকিব খানের এই প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই ঢালিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।