রণবীর সিংয়ের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২’-এর আকাশচুম্বী সাফল্যের পর এখন টক অফ দ্য টাউন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। ১৩০০ প্রতিযোগীকে পেছনে ফেলে আদিত্য ধরের সিনেমায় জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার দক্ষিণি সুপারস্টার ধানুশের নায়িকা হতে যাচ্ছেন বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ধানুশের নতুন সিনেমা (অস্থায়ী নাম ‘ডি৫৬’) পরিচালনা করবেন তামিলারাসন পাচামাথু। শুরুতে এই চরিত্রের জন্য রুক্মিনী বসন্তকে ভাবা হলেও শিডিউল জটিলতায় তিনি ছবিটি ফিরিয়ে দেন। এরপরই নির্মাতাদের নজর পড়ে সারার ওপর। যদি সব ঠিক থাকে, তবে এই সিনেমার মাধ্যমেই ধানুশ ও সারাকে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে।
তবে কাস্টিংয়ের খবরের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে এই দুই তারকার বয়সের ব্যবধান। ৪২ বছর বয়সী ধানুশের বিপরীতে ২০ বছরের সারার অভিনয় নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। উল্লেখ্য, ২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্ম নেওয়া সারা অভিনেতা রাজ অর্জুনের মেয়ে।
শিশুশিল্পী থেকে গ্ল্যামারাস নায়িকা
সারার অভিনয় যাত্রা শুরু হয়েছিল মাত্র দেড় বছর বয়সে বিজ্ঞাপনের মাধ্যমে। শিশুশিল্পী হিসেবে ‘দেবা তিরুমাগার’ সিনেমায় অভিনয় করে ছয় বছর বয়সেই তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর ‘এক থি ডায়ান’, ‘জয় হো’, ‘সিভাম’ এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘পোনিয়িন সেলভান’-এর মতো বড় প্রজেক্টে কাজ করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সব ইন্ডাস্ট্রিতেই তাঁর পদচারণা রয়েছে।
‘ধুরন্ধর ২’ সিনেমায় সুযোগ পাওয়ার লড়াই নিয়ে পরিচালক আদিত্য ধর বলেছিলেন:
“প্রায় ১৩০০ অডিশনের পর আমরা সারাকে বেছে নিয়েছিলাম। আমাদের মনে হয়েছে, সারা ছিল সবার মধ্যে সেরা এবং এই চরিত্রের জন্য একদম উপযুক্ত।”
দক্ষিণি মেগাস্টার ধানুশের সঙ্গে সারার এই নতুন রসায়ন বক্স অফিসে কতটা ম্যাজিক তৈরি করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।