নব্বইয়ের দশকের জনপ্রিয় ঢালিউড রাজপুত্র সালমান শাহকে কেন্দ্র করে তৈরি ভক্তদের আবেগ ও উন্মাদনার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে নতুন চলচ্চিত্র ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদিন আগেই ছবিটি প্রদর্শনী শুরু করার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতোমধ্যে সিনেমাটি বিনা কাটছাঁটে সেন্সর ছাড়পত্র অর্জন করেছে এবং নব্বইয়ের দশকের নিখুঁত আবহ ফুটিয়ে তোলার জন্য সুধীজনদের প্রশংসাও কুড়িয়েছে।

ইভান মল্লিক জানান, সিনেমাটি সালমান শাহর প্রতি ভক্তদের ভালোবাসা, আবেগ ও সেই সময়কার নস্টালজিয়া নিয়ে তৈরি। নব্বইয়ের দশকে ক্যাসেট প্লেয়ার, রেডিও, ভিউকার্ড এবং চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে সিনেমা দেখার সেই রঙিন দিনগুলোর পটভূমিতে এক অন্ধ ভক্তের আবেগঘন গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

রাইসা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফসহ একঝাঁক তারকা শিল্পীরা।