দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। নতুন এক ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ছবি প্রকাশ করে মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া একটি রহস্যময় ক্যাপশন ঘিরেও শুরু হয়েছে নতুন জল্পনা।
সাম্প্রতিক পোস্টে সালমান খানকে দেখা গেছে একেবারে ভিন্ন আবহে। পরনে ছেঁড়া নীল জিন্স, কালো স্লিভলেস ভেস্ট এবং মাথায় কাউবয় হ্যাট। বয়স ষাটের কাছাকাছি হলেও তার ফিটনেস, পেশিবহুল গড়ন এবং আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। প্রকাশের পরপরই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
আরেকটি ছবিতে প্রকৃতির মাঝে শান্ত মুহূর্ত উপভোগ করতে দেখা যায় অভিনেতাকে। মেঘলা আকাশ ও সবুজ পাহাড়ঘেরা পরিবেশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা সালমানের সেই ছবি ভক্তদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
তবে ছবির চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে তার ক্যাপশন। পোস্টে মাত্র একটি শব্দ ব্যবহার করেছেন তিনি-‘মাতৃভূমি’। ভক্তদের অনেকেই মনে করছেন, এটি তার বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর প্রতি ইঙ্গিত।
সম্প্রতি সিনেমাটি নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ছবিটি সেন্সর বোর্ডসংক্রান্ত জটিলতায় পড়েছে। তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ‘সালমান খান ফিল্মস’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি এখনো সেন্সর সার্টিফিকেশনের জন্য জমা দেওয়া হয়নি। ফলে সেন্সর বোর্ডে আটকে যাওয়ার খবর সত্য নয়।
জানা গেছে, অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ‘মাতৃভূমি’ সিনেমাটি দেশপ্রেম, সাহসিকতা এবং আবেগঘন গল্প নিয়ে নির্মিত হচ্ছে। ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
নতুন লুকে সালমান খানের এই প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। এখন সবার অপেক্ষা, কবে বড় পর্দায় মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘মাতৃভূমি’।