শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবিরের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী সময়ের সঙ্গে কাজের ব্যস্ততা কিছুটা কমিয়েছেন। এখন বেছে বেছে পর্দায় হাজির হন তিনি।

নারী হিসেবে নিজের সাফল্য ও দীর্ঘ পথচলার স্বীকৃতিও পেয়েছেন সাফা। সম্প্রতি ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন এই অভিনেত্রী। বিশেষ এই স্বীকৃতি পেয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সাফা লিখেছেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই, তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’

পুরস্কার পাওয়ার আগে আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন সাফা। তিনি লিখেছিলেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

এদিকে, সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ঈদ উপলক্ষে প্রচারিত একাধিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকগুলো দর্শকের কাছ থেকে প্রশংসা ও জনপ্রিয়তা পেয়েছে।

এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। দেশে ফিরলেও নতুন কোনো কাজের ঘোষণা এখনো দেননি তিনি। আপাতত অভিনয় থেকে কিছুটা দূরে থেকে নিজের জন্য সময় কাটাচ্ছেন সাফা।