মস্তিষ্কের টিউমার, একাধিক অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে অবশেষে শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে থাকার পর ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
নাটকটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইকসান রনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাটকটির শুটিংয়ের কিছু দৃশ্য প্রকাশ করেন নির্মাতা। তানিয়া বৃষ্টির কাজে ফেরার খবর জানিয়ে তিনি লেখেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
দীর্ঘ চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে এই অভিনেত্রীকে। অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফেরায় স্বস্তি ফিরেছে তাঁর ভক্ত ও সহকর্মীদের মধ্যে। নতুন নাটক ‘অংশীদার’এর মধ্য দিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার পথে এগিয়ে গেলেন তানিয়া বৃষ্টি।