ভারতের মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের বর্ণাঢ্য অথচ সংগ্রামমুখর জীবন নিয়ে নির্মিত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-এর নতুন সিনেমা ‘ইঠা’। সম্প্রতি লক্ষ্মণ উতেকার পরিচালিত ছবিটির একটি চমৎকার ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের মাঝে দারুণ কৌতূহল তৈরি করেছে।

ট্রেলারে লাবণীর ঐতিহ্যবাহী পোশাকে জমকালো মঞ্চে শ্রদ্ধার মনোমুগ্ধকর নাচ এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই ও বিশ্বাসভঙ্গের বেদনা ফুটে উঠেছে। ১৯৩৫ সালে জন্ম নেওয়া বিঠাবাই জীবদ্দশায় তামাশা শিল্পে অনন্য অবদান রাখলেও তার শেষ জীবনটা কেটেছিল চরম আর্থিক সংকটে। এমনকি ২০০২ সালে মৃত্যুর আগে চিকিৎসার খরচ জোগাড় করতেও তার পরিবারকে হিমশিম খেতে হয়েছিল। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রতীক্ষায় থাকা এই সিনেমাটিতে শ্রদ্ধার পাশাপাশি রণদীপ হুদা, নানা পাটেকর ও অক্ষয় সিংয়ের মতো তারকারাও অভিনয় করেছেন।