প্রকৃতির মায়াবী সৌন্দর্যে এবার যেন হারিয়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, লেক, নৌকার দুলুনি আর নির্মল বাতাসে ঘেরা রাঙামাটিতে কাটানো কিছু মুহূর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে রাঙামাটি ভ্রমণে গিয়েছিলেন প্রভা। সেখানে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলোতে পাহাড়, লেক ও নৌকার সৌন্দর্যের সঙ্গে মিশে থাকা আনন্দের নানা মুহূর্ত দেখা গেছে।
ছবির ক্যাপশনে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন প্রভা। তিনি লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’
প্রভার সেই অনুভূতিতে যেন ফিরে আসে রাঙামাটির প্রকৃতিকে ঘিরে তৈরি জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।
গানের কথায় যেমন রাঙামাটির সৌন্দর্য ও সাম্পান মাঝির গানের মায়া ধরা পড়ে, তেমনি প্রভার ছবিতেও দেখা গেছে পাহাড় ও লেকঘেরা প্রকৃতির কাছে নিজেকে হারিয়ে দেওয়ার মুহূর্ত। সব মিলিয়ে রাঙামাটির মায়াবী পরিবেশে কাটানো সময়ের স্মৃতি এবার ভক্তদের সঙ্গেও ভাগ করে নিলেন এই অভিনেত্রী।
#sadiajahanprova #প্রভা #সাদিয়া_জাহান_প্রভা