জনপ্রিয় মডেল ও ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে তাঁর ভক্ত ও অনুসারীদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। বিশেষ করে মেয়েদের সতর্ক করে তিনি অনুরোধ জানিয়েছেন, তারা যেন কোনো অবস্থাতেই কোনো বিবাহিত পুরুষের সাথে প্রেমের সম্পর্কে না জড়ায়। শনিবার (২৭ জুন) রাত ৮টায় নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় প্রভা বিবাহিত পুরুষদের চিরচেনা কিছু আচরণের কথা তুলে ধরে বলেন, “মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না।” তিনি আরও যোগ করেন, বিবাহিত পুরুষেরা সাধারণত মেয়েদের পটাতে একই ধরনের ‘স্ক্রিপ্ট’ বা অজুহাত ব্যবহার করে থাকে। তারা প্রায়ই বলে যে তাদের ‘বউ ভালো না’ কিংবা ‘সমাজ ও সন্তানের মুখের দিকে তাকিয়ে’ তারা জোর করে সংসার টিকিয়ে রেখেছে। প্রভার পরামর্শ, মেয়েরা যেন এই ধরনের কথা কখনোই বিশ্বাস না করে। কারণ একবার এই ফাঁদে জড়িয়ে পড়লে ভবিষ্যতে আর নিজেকে ক্ষমা করা সম্ভব হয় না।

নিজের জীবনের সাম্প্রতিক একটি তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে প্রভা জানান, কিছুদিন আগে তিনি নিজেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পেরে প্রভা তাঁকে সরাসরি জানিয়ে দেন যে, তাঁর সংসারে যদি সত্যিই এত সমস্যা থাকে এবং ডিভোর্সের প্রক্রিয়া চলতে থাকে, তবে সেটি যেন আগে শেষ করে আসেন। এরপর তাঁরা দুজনে একসাথে পথ চলার বিষয়ে ভেবে দেখবেন।

প্রভা জানান, এই স্পষ্ট জবাব দেওয়ার পর সেই ব্যক্তি এখন প্রভার নামে অপবাদ দিয়ে বেড়াচ্ছেন যে প্রভা নাকি ‘সাইকো’। এই বিষয়ে তীব্র ক্ষোভ ও আত্মবিশ্বাস নিয়ে অভিনেত্রী বলেন, “আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।” সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে মূলত মেয়েরা যাতে সহজে ফাঁদে পড়ে, সেই চেষ্টাই করা হয় বলে মনে করেন তিনি। তাই এমন ছেলেদের সাথে প্রেম তো দূরের কথা, সাধারণ বন্ধুত্ব করতেও নিষেধ করেছেন এই তারকা।