প্রখ্যাত সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন এর জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা সারার সংসার। সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। এতে কেন্দ্রীয় চরিত্র ‘সারা’ হিসেবে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এ মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

মূল উপন্যাস ‘আর্তনাদ’ এর প্রেক্ষাপট ছিল সত্তরের দশক। তবে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সারার সংসার এর গল্পকে আধুনিক সময়ে রূপ দেওয়া হয়েছে। নতুনভাবে চিত্রনাট্য লিখেছেন মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম

গল্পে দেখা যাবে, সাদিয়া ইসলাম মৌ অভিনীত সারা চরিত্রটি এক রাতে দুর্ঘটনাক্রমে নিজের মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে। মেয়ের সম্মান রক্ষার জন্য সে পুরো ঘটনাটি গোপন রাখার চেষ্টা করে। লাশ সরিয়ে ফেললেও ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্য মিলিয়ে গল্প এগিয়ে যায় টানটান উত্তেজনায়।

চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, “অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয় আর মানসিক টানাপোড়েন একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। গল্পটা পড়েই মনে হয়েছে দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।”

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেন এর সাহিত্যভাণ্ডারে মাসুদ রানার বাইরেও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ সেসব গল্পেরই একটি, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রহস্য ও সাসপেন্স সমানভাবে গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, “গল্পটিকে সময়োপযোগী করে তুলতে কিছু চরিত্র ও ঘটনার পরিবর্তন আনা হয়েছে। তবে পুরো বিষয়টি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। আমরা চেয়েছি দর্শকদের জন্য একটি বাস্তবধর্মী এবং আবেগঘন থ্রিলার তৈরি করতে।”

দীর্ঘদিন ধরেই দেশের ফ্যাশন ও টেলিভিশন অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তার জনপ্রিয়তা রয়েছে। নিয়মিত নাটক বা ওটিটিতে দেখা না গেলেও বিশেষ আয়োজন ও উৎসবকেন্দ্রিক অনুষ্ঠানে প্রায়ই হাজির হন তিনি।

এবারের ঈদ আনন্দমেলাতেও নিজের নাচের দল নিয়ে বিশেষ পরিবেশনা করেছেন সাদিয়া ইসলাম মৌ। আয়োজকদের মতে, অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তিনি এখনও সমান উজ্জ্বল।