এক যুগ ধরে অভিনয় করছেন সাবিলা নূর। গত বছর ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন তিনি। চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে ‘বনলতা এক্সপ্রেস’–এ শরীফুল রাজ, ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’–এ দেখা যায় তাঁকে। নতুন সিনেমার কাজও শুরু করছেন তিনি।
সময়টা দারুণ যাচ্ছে সাবিলা নূরের। পরপর দুই ঈদে দুটি আলোচিত সিনেমার অংশ হয়েছেন একটি ‘বনলতা এক্সপ্রেস’, অন্যটি ‘রকস্টার’। শাকিব খান ও শরীফুল রাজের সঙ্গে দুটি ছবি তাঁকে নিয়ে এসেছে আলোচনায়। সময়টা বেশ উপভোগ করছেন তিনি। তবে দায়িত্ব বেড়েছে বলেও জানালেন সাবিলা। অনেক কিছু শিখেছেন বলেও জানালেন। ସাবিলা বললেন, ‘কাজের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা সময়ের সঙ্গে আরও বেড়েছে। এবার ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’কে দর্শক যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে তাঁদের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। দর্শকের এই ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। পরিবারের সমর্থনও সব সময় আমার সবচেয়ে বড় শক্তি। কাজের ব্যস্ততায় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়, আর ঠিক তখনই পরিবারের ভালোবাসা ও পাশে থাকার গুরুত্ব সবচেয়ে বেশি অনুভব করি। বিশেষ করে গত কয়েক ঈদে আমি উপলব্ধি করেছি, পরিবারের সাপোর্ট ও আন্তরিক ভালোবাসা ছাড়া পথচলাটা এত সহজ হতো না।’
সিনেমা নিয়ে স্বামীর পরামর্শ ‘রকস্টার’ ও ‘বনলতা এক্সপ্রেস’ দুটি সিনেমাই স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে দেখেছেন সাবিলা নূর। ‘রকস্টার’ দেখার সময় দুজনই ক্যাপ ও মাস্ক পরে সাধারণ দর্শকের ভিড়ে বসে সিনেমাটি উপভোগ করেন। এতে দর্শকদের প্রতিক্রিয়াও কাছ থেকে দেখার সুযোগ হয় তাঁদের। তবে সিনেমা নিয়ে নেহালের একটি পরামর্শই সবচেয়ে বেশি মনে রেখেছেন সাবিলা। তিনি বলেন, ‘নেহাল আমাকে বলেছে, কোনো সিনেমার সফলতাকে যেন নিজের সফলতা মনে না করি। এটাকে সব সময় পুরো টিমের সফলতা হিসেবে দেখি।’ কথা প্রসঙ্গে সাবিলা বললেন, ‘আমিও মনে করি, একটি সিনেমার সাফল্য কখনো একজনের নয়, এর পেছনে পুরো টিমের পরিশ্রম থাকে। তাই অর্জনকে টিমের সাফল্য হিসেবেই দেখতে চাই।’