ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বরাবরই ব্যতিক্রমী উদ্যোগের জন্য আলোচনায় থাকেন। এবার নিজের ৩০তম জন্মদিন উদ্‌যাপন করলেন এক ভিন্ন আয়োজনে। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন তিনি।

পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেন অভিনেত্রী। সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় গাছগুলো রোপণ করা হয়েছে।

নিজের এই উদ্যোগ সম্পর্কে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ। এই বন বুক পেতে আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাতে চাই।’

অভিনেত্রীর ভাষ্য, বিশেষ করে যারা তাকে অনুসরণ করেন এবং ভালোবাসেন, তাদের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

চমকের এই ব্যতিক্রমী জন্মদিন উদ্‌যাপন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ভক্ত-অনুরাগীসহ অনেকেই তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। জন্মদিনকে ব্যক্তিগত আনন্দের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির একটি সামাজিক বার্তায় রূপ দেওয়ার জন্য অভিনেত্রীর এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

ব্যক্তিগত উদ্‌যাপনের পরিবর্তে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধের যে দৃষ্টান্ত চমক স্থাপন করেছেন, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।