রায়হান রাফীর পরিচালনায় চরকিতে মুক্তি পাওয়া আলোচিত অরিজিনাল চলচ্চিত্র ‘আমলনামা’ নিয়ে আবারও প্রশংসায় মেতে উঠলেন পরিচালক। ছবিটির শেষ দৃশ্যের শুটিংয়ে চিত্রনায়িকা তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তমার সঙ্গে একটি ছবি শেয়ার করে এই কাজের পেছনের স্মৃতি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা।

পোস্টে রায়হান রাফী লেখেন, ‘“আমলনামা”র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল। সেই একই আবেগ যখন দর্শকদের মনেও অনুরণিত হতে দেখেছি, তখন পুরো যাত্রাটি আরও অর্থবহ হয়ে উঠেছে।’ সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত এই একক চলচ্চিত্রটি তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি যাত্রা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘আমলনামা’র জন্য তমা মির্জা সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এবং রায়হান রাফী লাভ করেন সেরা পরিচালকের স্বীকৃতি। দর্শকদের মাঝে সেই আবেগের নিখাদ প্রতিফলন পুরো নির্মাণযাত্রাকে তাঁদের কাছে আরও বেশি সার্থক করে তুলেছে বলে জানিয়েছেন নির্মাতা।