দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র বিয়ের আনন্দঘন আবহ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর এ জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর সংসার ও মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা।

বিয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেত্রী জানান, তিনি শুধু অভিনয় ক্যারিয়ার নিয়েই ভাবছেন না সংসার ও সন্তান নিয়েও ইতোমধ্যে স্বপ্ন বুনতে শুরু করেছেন। রাশমিকার ভাষায়, মাতৃত্ব তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও স্পষ্টভাবে প্রকাশ করেছেন তিনি।

তার মতে, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে তোলে। পরিবারে নতুন সদস্যের আগমন শুধু আনন্দই বয়ে আনে না, দায়িত্ববোধও বাড়িয়ে দেয় বহুগুণ। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা, সুস্থতা ও সুশিক্ষাই হবে তার জীবনের প্রধান অগ্রাধিকার এমনটাই জানিয়েছেন এই তারকা।

ক্যারিয়ার না সন্তান এমন প্রশ্নে রাশমিকা দিয়েছেন পরিষ্কার ও আত্মবিশ্বাসী উত্তর। বিনোদন জগতের ব্যস্ত ও অনিয়মিত সময়সূচির কথা স্বীকার করলেও তিনি বলেন, মা হওয়ার পর সন্তানই থাকবে সবার আগে। প্রয়োজনে পেশাগত জীবনে কিছুটা বিরতি বা ছাড় দিতেও তিনি প্রস্তুত। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে যে কোনো ত্যাগ স্বীকার করতে তার আপত্তি নেই বলেও ইঙ্গিত দিয়েছেন।

দীর্ঘদিনের প্রেমের পর সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাশমিকা মান্দানা। ব্যক্তিজীবনের এই নতুন অধ্যায়ে পা রাখার পর থেকেই ভক্তদের আগ্রহ বেড়েছে বহুগুণ। কীভাবে তিনি ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

সব মিলিয়ে, তারকাখ্যাতির ঝলকানির মাঝেও পরিবারকেই জীবনের কেন্দ্রবিন্দুতে রাখার বার্তা দিয়েছেন রাশমিকা। মাতৃত্ব, সংসার ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ এক নতুন জীবনের স্বপ্নই এখন তার চোখে মুখে স্পষ্ট।