দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউডের রুপালি পর্দা দ্রুতই নিজের কাজের পরিধি বাড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় কাজের মাধ্যমে একাধিক অঞ্চলের দর্শকের কাছে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই বহুভাষিক ক্যারিয়ারের কারণে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মুখোমুখি হতে হয়েছে তাকে। বিভিন্ন সিনেমায় তাঁর ডায়ালগ ডেলিভারি, ভাষা ও উচ্চারণের ধরন নিয়ে হওয়া এই ট্রল প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।
প্রতিবেদনে জানানো হয়, রাশমিকার মাতৃভাষা কোদাভা টাক হলেও কর্ণাটকের কুর্গ অঞ্চলের এই ভাষায় বড় কোনো চলচ্চিত্রশিল্প নেই। ফলে ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে কন্নড়, তেলেগু ও পরবর্তীতে হিন্দির মতো নতুন নতুন ভাষায় অভিনয় শিখতে হয়েছে। নিজের ভাষা শেখার এই অভিজ্ঞতা তুলে ধরে রাশমিকা বলেন, তিনি কোনো নির্দিষ্ট ভাষার বিশেষজ্ঞ নন, তবে কাজ করতে করতে প্রতিটি ভাষার সঙ্গেই তাঁর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি সব ভাষাকেই নিজের মনে করেন এবং দর্শককে সম্মান জানাতেই তাঁদের ভাষায় কথা বলার চেষ্টা চালান।
উচ্চারণ নিয়ে চলা সমালোচনাকে বেশ স্বাভাবিকভাবেই দেখছেন রাশমিকা। তিনি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, তিনি কোনো ভাষাতেই 'খুব ভালো' নন এবং নিজেকে কোনো ভাষার পণ্ডিত দাবি করেন না। একাধিক ভাষায় কাজ করতে গেলে শতভাগ নিখুঁত হওয়া সবসময় সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি মন্তব্য নিয়ে অতিরিক্ত চিন্তা করার পক্ষে নন তিনি। বর্তমানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর নতুন সিনেমা ছাড়াও ‘মাইসা’ ও এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকসহ একাধিক বড় বাজেটের প্রজেক্টে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।