বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর টিজার যুক্তরাষ্ট্রে প্রকাশ করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা রণবীর কাপুর এবং পরিচালক নীতেশ তিওয়ারি। ভারতের এই কালজয়ী মহাকাব্যিক গল্পের ঝলক নিজের দেশের আগে বিদেশের মাটিতে প্রদর্শিত হওয়াকে ঘিরেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসী ভারতীয়রা রণবীরের ‘রাম’ অবতার দেখে প্রশংসা করলেও, দেশের সাধারণ দর্শক ও সমালোচকরা বিষয়টিকে ‘ভারতীয় সিনেপ্রেমীদের অপমান’ হিসেবে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাণিজ্যিক স্বার্থে কেন বিদেশের মাটিকে অগ্রাধিকার দেওয়া হলো। কেউ কেউ একে ‘টাকার লোভ’ হিসেবেও অভিহিত করেছেন। গত তিন বছর ধরে এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করা রণবীরের জন্য এই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই বড় বাজেটের সিনেমায় রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছেন যশ, সাই পল্লবী এবং সানি দেওল। সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।