বিশ্বব্যাপী ৪০০ কোটির বেশি আয় করে বছরের অন্যতম সফল ভারতীয় চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে ‘পেড্ডি’। ছবিটির সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সহশিল্পী জাহ্নবী কাপুর, স্পোর্টস ড্রামা ঘরানা এবং পরিচালক বুচি বাবু সানাকে নিয়ে খোলামেলা কথা বলেছেন রামচরণ।

ভারতীয় সিনেমায় স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয়তা প্রসঙ্গে রামচরণ বলেন, ‘সবার আগে সালমান স্যার এবং আমির স্যারকে ধন্যবাদ জানাই। “সুলতান” ও “দঙ্গল”-এর মতো ছবির মাধ্যমে আপনারাই এই ঘরানার প্রতি দর্শকদের আস্থা তৈরি করেছেন। আপনাদের সাফল্যই আমাদের সাহস জুগিয়েছে যে এ ধরনের গল্পও মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে।’

অনুষ্ঠানে সহশিল্পী জাহ্নবী কাপুরের প্রশংসা করতে গিয়ে রামচরণ বলেন, ছবিটির জন্য অভিনেত্রীর প্রস্তুতি তাঁকে সত্যিই মুগ্ধ করেছে।

তিনি বলেন, ‘টানা প্রায় ৮৫ দিন আমরা শুটিং করেছি। পরে একটি গানের শুটিং হয়েছিল। আমি খুব বেশি প্রস্তুতির সময় পাইনি। কিন্তু জাহ্নবী এসে আমার চেয়েও অনেক ভালোভাবে নিজেকে প্রস্তুত করে দেখিয়েছে।’

জাহ্নবীকে ‘ছুপা রুস্তম’ আখ্যা দিয়ে রামচরণ আরও বলেন, ‘ও কাউকে কিছু না জানিয়ে চুপচাপ শিখেছে, অনুশীলন করেছে। সত্যি বলতে, আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি।’

ছবির নির্মাণপ্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। রামচরণের ভাষ্য, পরিচালক বুচি বাবু সানা দীর্ঘ সময় ধরে অসাধারণ নিষ্ঠার সঙ্গে ছবিটি নির্মাণ করেছেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘একদিন আমার বাড়ির কার্পেটে বসে তিনি পুরো চিত্রনাট্য পড়ে শোনাচ্ছিলেন। প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিট আমি শুধু শুনেছি। তখনই বুঝেছিলাম, এটি শারীরিকভাবে খুব কঠিন একটি কাজ হবে। কিন্তু তাঁর বিশ্বাস এবং গল্পের শক্তি আমাকে রাজি করিয়ে দেয়।’

‘পেড্ডি’র গল্প প্রসঙ্গে রামচরণ বলেন, ‘এটি এমন একজন মানুষের গল্প, যে নিজের পরিচয় খুঁজছে। আমাদের প্রত্যেকেরই জীবনে একটি পরিচয়ের প্রয়োজন হয়। “পেড্ডি” মূলত সেই আত্মঅন্বেষণের গল্প।’

অনুষ্ঠানে ব্যক্তিগত একটি স্মৃতিও ভাগ করে নেন অভিনেতা। তিনি জানান, তাঁর বাবা এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একসময় একসঙ্গে কাজ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি।

অন্যদিকে জাহ্নবী কাপুর জানান, প্রায় দুই বছর ধরে তাঁরা ছবিটি নিয়ে কাজ করেছেন। এই সময়ের মধ্যে পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে।

হাস্যরসের ছলে জাহ্নবী বলেন, ‘বাইরে থেকে তাঁকে খুব নিরীহ মনে হয়, কিন্তু তিনি মোটেও তেমন নন। তিনি ভারতের সবচেয়ে “রাউডি” পরিচালক। এখন দিনে অন্তত একবার তাঁকে ফোন না করলে আমার চলে না।’

পরিচালক বুচি বাবু সানাও জাহ্নবীর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, ছবিটির জন্য জাহ্নবী যেন একাই সহকারী পরিচালক, ম্যানেজার, অভিনেত্রী, প্রোডাকশন ডিজাইনার ও কস্টিউম ডিজাইনারের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’তে রামচরণ ও জাহ্নবী কাপুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, বোমান ইরানি ও রজতাভ দত্ত। হিন্দি ও তেলুগুসহ একাধিক ভাষায় ৪ জুন মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে।