আর্থিক অনিয়মের অভিযোগে তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় আয়কর বিভাগের তল্লাশির খবর নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। তাকে ঘিরে বেনামি সম্পত্তি ও অবৈধ অর্থ লেনদেনের যে দাবি বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। এসব খবরকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ নোটে রাকুল বলেন, তথ্য যাচাই না করেই কিছু অনলাইন ও মূলধারার গণমাধ্যমে চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হচ্ছে। তার দাবি, সম্প্রতি যে আয়কর তল্লাশির কথা বলা হচ্ছে, সেটি তাকে কেন্দ্র করে ছিল না।

অভিনেত্রী জানান, তিনি বহু বছর ধরে নিয়মিত আয়কর দিয়ে আসছেন এবং কোনো ধরনের অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নন। রাকুল বলেন, তিনি সশস্ত্র বাহিনীর পরিবার থেকে উঠে এসেছেন এবং ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদারের সহায়তা ছাড়াই নিজের জায়গা তৈরি করেছেন। ২০ বছর বয়স থেকেই নিয়মিত কর দিয়ে আসছেন বলেও জানান তিনি।

রাকুল আরও দাবি করেন, ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে অবৈধ বিদেশি অর্থ লেনদেনে তিনি কখনো জড়িত ছিলেন না। দেশে বা বিদেশে কারও হয়ে তার কোনো বেনামি সম্পত্তি নেই বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী। এমনকি কেউ তাকে কোনো সম্পত্তি উপহার দেননি এবং নীতিগত কারণে তিনি এ ধরনের মূল্যবান উপহার গ্রহণ করেন না বলেও জানান।

সিনেমা প্রযোজনার জন্য অবৈধভাবে বিদেশে অর্থ পাঠানোর সন্দেহে তার বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে, এমন প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাকুল। যারা এ ধরনের মিথ্যা ও অনুমাননির্ভর খবর প্রকাশ করেছেন, তাদের প্রতিবেদন প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

রাকুলের ভাষ্য, গণমাধ্যম প্রতিষ্ঠানের বাণিজ্যিক চাপ থাকতে পারে, তবে সেই চাপের কারণে তথ্যের সঙ্গে আপস করা উচিত নয়। বিশেষ করে কোনো ব্যক্তির সুনাম ও জীবিকার ক্ষতির বিনিময়ে এমনটি করা উচিত নয় বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, রাকুল প্রীত সিং এবং তার শ্বশুর, প্রযোজক ভাশু ভাগনানির সঙ্গে সংশ্লিষ্ট ১২টি ঠিকানায় আয়কর বিভাগ তল্লাশি চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সন্দেহজনক আর্থিক অনিয়মের অভিযোগে ২৮ সেপ্টেম্বর এসব ঠিকানায় তল্লাশি শুরু হয়। সিনেমা প্রযোজনার অর্থায়নের আড়ালে কিছু অর্থ বিদেশে পাঠানো হয়ে থাকতে পারে, এমন সন্দেহের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে এ বিষয়ে ভাশু ভাগনানি কোনো মন্তব্য করেননি।