আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিলে থাকা বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত ‘রাক্ষস’। বড় তারকাদের সিনেমার ভিড়ে এই ছবিটির টিজার ও পোস্টারের জন্য মুখিয়ে ছিলেন দর্শক। গত বৃহস্পতি ও শুক্রবার পরপর দুদিনে ছবির পোস্টার ও টিজার প্রকাশ করে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের টিম। টিজারটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে এখন সিয়াম আহমেদের বিধ্বংসী লুক এবং সিনেমার ভায়োলেন্স।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রথম পোস্টারে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশের স্তূপ, আর তার পেছনে কালো স্যুট পরে অত্যন্ত স্টাইলিশ ও গম্ভীর ভঙ্গিতে চেয়ারে বসে আছেন নায়ক সিয়াম আহমেদ। এরপর শুক্রবার দুপুরে আসা দ্বিতীয় পোস্টারে দেখা যায় সিয়াম ও কলকাতার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে; যেখানে সিয়াম এক রক্তাক্ত চাপাতি ধরে আছেন সুস্মিতার গলায়। এই পোস্টারগুলোই আভাস দিচ্ছিল যে, ‘রাক্ষস’ মোটেও সাধারণ কোনো প্রেমের গল্প নয়।

শুক্রবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ‘রিয়াল এনার্জি প্রোডাকশন’-এর চ্যানেলে মুক্তি পায় কাঙ্ক্ষিত টিজার। টিজার দেখে স্পষ্ট যে, পরিচালকের আগের ছবি ‘বরবাদ’-এর মতো এটিও একটি প্রচণ্ড সহিংস অ্যাকশনধর্মী ছবি হতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। রাক্ষস একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা।”

সিনেমার অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকছে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেকের আইটেম গান। তবে নির্মাতাদের দাবি, শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে যা ধাপে ধাপে প্রকাশ করা হবে। বর্তমানে সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।