কোটি টাকার চেক ডিজঅনার মামলায় ভারতের সুপ্রিম কোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়েছেন জনপ্রিয় বলিউড কৌতুকাভিনেতা রাজপাল যাদব। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পাওনাদারদের বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন ‘জেলই আপনার যোগ্য জায়গা।’
গত ৯ সেপ্টেম্বর শুনানিকালে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ রাজপাল যাদবকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া ৫ কোটি রুপি পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ধার্য করা সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হওয়ায় বিচারকদের চরম অসন্তোষের মুখে পড়েন তিনি। শুনানিতে অভিনেতার আইনজীবী ৫০ লাখ রুপির একটি ডিমান্ড ড্রাফট জমা দিয়ে বাকি অর্থ প্রক্রিয়াধীন বলে জানালে আদালত তা নাকচ করে দেন এবং পূর্বে দেওয়া অঙ্গীকার ভঙ্গের দায়ে অভিনেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, চুক্তি ভঙ্গ করায় পাওনাদাররা চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি রাজপালকে সতর্ক করে বলেন যে কখন মুখ খুলতে হয় তা তাঁর জানা উচিত এবং এমন আচরণের জন্য শ্রীঘরই তাঁর উপযুক্ত স্থান। উল্লেখ্য, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের উদ্দেশ্যে দিল্লির ‘মুরালি প্রজেক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। ছবিটি ব্যবসায়িকভাবে ফ্লপ করার পর থেকে দীর্ঘ দিন ধরে সেই অর্থ পরিশোধ না করায় আদালতের দ্বারস্থ হয় পাওনাদার প্রতিষ্ঠানটি।